লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলায়। শফিকুল সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফছার আলী ও আলেয়া খাতুন দম্পতির ছেলে। নাহিদ আশাশুনি উপজেলার কাটাকাটি গ্রামের আব্দুল কাদের ও নুরুন নাহার দম্পতির সন্তান।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত হন। এরপর থেকে তাঁদের গ্রামের বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে। শফিকুলের প্রতিবেশী ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল কালাম আবু ওয়াহিদ ওরফে বাবলু মাস্টার জানান, শফিকুল ও নাহিদ লেবাননের একটি কোম্পানিতে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। ইসরায়েলি ড্রোন হামলায় তাঁদের সঙ্গে আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন বলে পরিবার জানতে পেরেছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শফিকুল ও নাহিদ দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জেবদ্বীন এলাকায় নিজেদের বাসায় অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ইসরায়েলের বিমান হামলায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। বর্তমানে তাঁদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।
0 মন্তব্য