নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতা, অপতৎপরতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল ও ছাত্রশক্তি।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের উত্তর ও দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এতে দুই সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘লীগ ধরে জেলে ভর, কিসের আবার ডিসেম্বর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’ এবং ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে ছাত্রশক্তির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক নাঈম ভুঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে সব ছাত্রসংগঠন ও শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন, একইভাবে ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অরাজকতা ও নাশকতার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে কোনো দলীয় বিভেদ নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা আত্মগোপনে থেকে অপতৎপরতা চালাচ্ছেন, তাদের সতর্ক থাকতে হবে।
এদিকে, কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। আজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করবেন।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো কার্যক্রম চোখে পড়লে তাদের জানাতে হবে। অভিযুক্তদের প্রথমে মারধর করে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
মোস্তাফিজুর রহমান শুভ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে। গত ১৭ বছর ধরে তারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসকে অত্যাচার ও নির্যাতনের কেন্দ্রে পরিণত করেছে। আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, ৫ আগস্টের পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহযোগিতার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব ইউনিট কাজ করে যাবে।
0 মন্তব্য