বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের সীমার কাছাকাছি নেমে এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সীমা ভেঙে নিচে নামলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে দাঁড়ায়। এর আগে একপর্যায়ে দাম নেমে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২ দশমিক ৮৮ শতাংশে অবস্থান এবং টানা চার সপ্তাহ ধরে ডলারের দর বৃদ্ধির কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে অধিকাংশ নীতিনির্ধারকের অবস্থান উঠে এসেছে। এতে সুদের হার বেশি থাকার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য স্বল্পমেয়াদি প্রতিরোধস্তর হিসেবে কাজ করতে পারে। অন্যদিকে, দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে গেলে পরবর্তী সম্ভাব্য অবস্থান হতে পারে ৩ হাজার ৩০০ ডলার।
আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদনও স্বর্ণের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে, সাম্প্রতিক দরপতনের ফলে ২০২৬ সালের জানুয়ারিতে রেকর্ড করা সর্বোচ্চ দাম থেকে স্বর্ণের মূল্য প্রায় ৩২ শতাংশ কমেছে। তবে ইতিহাস বলছে, বড় ধরনের দরপতনের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে স্বর্ণবাজারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে ৩০ শতাংশের বেশি দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় নিয়েছে।
১৯৮০ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। ১৯৯৬ সালের দরপতনের পর এ সময় ছিল ৬ বছর ৪ মাস। অন্যদিকে, ২০১২ সালের বাজারচক্রে স্বর্ণের দাম ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে আগের সর্বোচ্চ অবস্থানে ফিরে আসে। এ ক্ষেত্রে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।
সব মিলিয়ে, ডলারের শক্তিশালী অবস্থান, যুক্তরাষ্ট্রের বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা বিশ্ববাজারে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করেছে।
0 মন্তব্য