কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এসব যানবাহনের চালকদেরও আটক করেছে বিজিবি।
রোববার (২২ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের তথ্য নিশ্চিত করেন। রামু সেক্টরের অধীন বিজিবি-২ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আইইডি বোমা তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। বিজিবির সূত্রের দাবি, চক্রটি মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে।
উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।
অভিযানে জব্দ করা যানবাহন ও আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
0 মন্তব্য