কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে পৃথক আদালতে।
শনিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।
তিনি বলেন, ‘মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে রয়েছে। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।’
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের নিয়মিত আইনি কার্যক্রম চালিয়ে যাবে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও আগামী ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
0 মন্তব্য