সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তরায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হয়।
৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং অপর নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক হত্যা মামলা দায়ের করেন।
দুটি মামলাই রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে প্রধান আসামি করেন সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদকে। আসামি করা হয় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাত ১০০ থেকে ১১০ জনকে।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে প্রধান আসামি নুরুল ইসলাম নাহিদ।
0 মন্তব্য