ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জনের বেশি মানুষ। গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যে প্রথমে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পরে জেলা পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা যে মদ পান করেছিলেন, তা কাকচিং জেলার সুংনু এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল। চান্দেল জেলায় ওই মদ তৈরি বা প্রস্তুত করা হয়নি। নিহতদের মধ্যে পাঁচজন সুংনু থানার অধিক্ষেত্রের বাসিন্দা।
এ ঘটনায় জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে চান্দেল জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি কিংবা সন্দেহজনক উৎসের মদ পান থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের সতর্কবার্তায় বলা হয়েছে, মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।
এদিকে, বৃহস্পতিবার ইম্ফলের দুটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দেন। দায়ীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসও দেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধসহ একটি মেডিকেল দল চান্দেল জেলায় পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
0 মন্তব্য