জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘তারা ক্ষমা চাইবে কি না জানি না, তবে আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’
মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না। তাঁর দাবি, দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন। তাঁদের আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপের উদ্যোগ সফল হতে পারে না।
আওয়ামী লীগকে আলোচনায় যুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘আপনি তাদের আলোচনার টেবিলে আনুন। ন্যায়বিচার নিশ্চিত করুন।’
দলটির অপরাধ স্বীকার ও অনুশোচনার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, তা তাঁর জানা নেই। তবে তাঁর মতে, নিজেদের চেয়ে ভালো শাসন দিতে পারলে অন্যের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না।
টকশোতে তাঁর এই বক্তব্য আওয়ামী লীগের রাজনৈতিক দায়বদ্ধতা, ক্ষমা চাওয়া এবং জাতীয় সংলাপে দলটির অংশগ্রহণের বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।
0 মন্তব্য