ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ভারত। রোববার চতুর্থ দিনে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এতে তাদের লিড দাঁড়িয়েছে ৩৫২ রানের।
১৯৩০ সালে টেস্ট ক্রিকেটে পা রেখেছিল নিউজিল্যান্ড। এরপর থেকে প্রায় ৯৬ বছরে কখনো তাদের মাটিতে সফরকারী দল ৭০০ রান করতে পারেনি। এই শৃঙ্ঘে প্রথম পা রাখল ভারত।
এখানেই শেষ নয়। এই রানে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও ছুঁয়ে ফেলেছে ভারত। আগের রেকর্ড ছিল স্বাগতিকদেরই। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে তারা ৬ উইকেটে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করেছিল।
ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লোকেশ রাহুল ও ঋষভ পান্ত। রাহুল করেন ১৩৬ রান। পান্ত করেন ১২৮। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল গ্লেন ফিলিপস। তিনি ১৫৪ রানে নেন ৩ উইকেট।
চা-বিরতির প্রায় এক ঘণ্টা আগে ইনিংস ঘোষণা করে ভারত। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৬৮ রান। ভারতের বিশাল স্কোরের পর এখন বড় চ্যালেঞ্জের মুখে তারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও এখন ভারতের। আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৯৫ সালে ওয়েলিংটনের বেসিন রিজার্ভেই তারা ৫ উইকেটে ৬৬০ রানে ইনিংস ঘোষণা করেছিল।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আগের সর্বোচ্চ স্কোর ছিল ১৯৯৯ সালে আহমেদাবাদে ৭ উইকেটে ৫৮৩। ম্যাচটি ড্র হয়েছিল। এরপর আছে ২০১০ সালে নাগপুরে ৮ উইকেটে ৫৬৬, ২০১৬ সালে ইন্দোরে ৫ উইকেটে ৫৫৭ এবং ১৯৫৬ সালে চেন্নাইয়ে ৩ উইকেটে ৫৩৭। এর মধ্যে আহমেদাবাদ ছাড়া বাকি তিন ম্যাচেই ভারত জিতেছিল।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ভারত মাত্র একবার ৫০০ রানের বেশি করেছিল। ২০০৯ সালে হ্যামিল্টনে তারা অলআউট হয়েছিল ৫২০ রানে।
এই ইনিংসে আরও একটি বিরল রেকর্ড হয়েছে। ভারতের প্রথম ছয়টি জুটির প্রতিটিতেই উঠেছে অন্তত ৫০ রান। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র চারবার। প্রথমবার করেছিল অস্ট্রেলিয়া। ১৯৬০-৬১ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ২০১৫ সালে খুলনায় বাংলাদেশের বিপক্ষে একই কীর্তি গড়ে পাকিস্তান। ২০২৩ সালে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি করেছিল ভারত। ওয়েলিংটনে আবার করায় দুবার এই কীর্তি গড়া প্রথম দল হলো তারা।
আরেকটি বিরল ঘটনা ঘটেছে ভারতের শীর্ষ পাঁচ ব্যাটারকে নিয়ে। পাঁচজনই করেছেন কমপক্ষে ৮০ রান। টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল মাত্র দ্বিতীয়বার। এর আগে ২০১৪ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একই কাজ করেছিল পাকিস্তান। তারা ৩ উইকেটে ৫৬৬ রানে ইনিংস ঘোষণা করেছিল।
টেস্টে ৭০০-এর বেশি রানের ইনিংসের তালিকায় ভারত এখন দুইয়ে। ৭২০ রানের এই ইনিংস তাদের পঞ্চম ৭০০-ঊর্ধ্ব স্কোর। সবার ওপরে শ্রীলঙ্কা, তাদের সাতটি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের চারটি করে। পাকিস্তানের দুটি। নিউজিল্যান্ডের একটি।
ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। সবচেয়ে বড় স্কোর ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৭৫৯। দ্বিতীয় সর্বোচ্চ ২০০৯ সালে ব্রেবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটে ৭২৬। চতুর্থ ২০১০ সালে কলম্বোর এসএসসিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭০৭। পঞ্চম ২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ৭০৫।
0 মন্তব্য