ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান জানান, রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা হাসিলবাগ গ্রামের বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বলেও মন্তব্য করেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, হাসিলবাগ গ্রামে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
0 মন্তব্য