জমকালো আয়োজন, বর্ণিল আলোকসজ্জা আর ফ্যাশনের চোখধাঁধানো প্রদর্শনীতে অনুষ্ঠিত হলো ‘প্যারাগন ক্যাটারিং ওয়েডিং কার্নিভাল ২০২৬’। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই আয়োজনের ফ্যাশন শোতে নজর কাড়েন অভিনেতা তুষার খান।
ফ্যাশন শোর র্যাম্পে লাল রঙের নকশাদার পাঞ্জাবি ও সাদা পায়জামায় হাজির হন তুষার খান। ঐতিহ্যবাহী পোশাকে তাঁর সাবলীল র্যাম্প ওয়াক অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। একই আয়োজনে অন্যান্য মডেলদেরও বাহারি পাঞ্জাবি ও জমকালো শাড়িতে র্যাম্পে হাঁটতে দেখা যায়। বিয়ের ঐতিহ্যবাহী সাজপোশাকের সঙ্গে আধুনিক ফ্যাশনের সমন্বয় ছিল এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ।
আয়োজক প্রতিষ্ঠান আজওয়া ইভেন্টসের উদ্যোগে এবং প্যারাগন ক্যাটারিংয়ের সঙ্গে আয়োজিত এই কার্নিভালে পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে ছিল গোল্ডস্যান্ডস গ্রুপ। বিয়ের আয়োজনকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে একই ছাদের নিচে একত্র করা হয় বিভিন্ন পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে।
দেশীয় ফ্যাশন ও ঐতিহ্যবাহী পোশাককে আধুনিক নকশায় তুলে ধরতে কাজ করছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সৃজনশীলতায় দেশীয় পোশাকের বৈচিত্র্যও উঠে এসেছে এমন আয়োজনে। সব মিলিয়ে ওয়েডিং কার্নিভাল হয়ে ওঠে ফ্যাশনপ্রেমীদের মিলনমেলা।

পাঁচ দিনের এই কার্নিভালে ছিল ফ্যাশন শো, লাইভ কনসার্ট, ওয়েডিং মার্কেটপ্লেস, ওয়েডিং ফুড জোন, লাইভ পডকাস্ট, ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড এবং বাস্তব বিয়ের আয়োজন। পাশাপাশি বিয়ের সাজসজ্জা, পোশাক, খাবার ও অন্যান্য আয়োজন সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা।
সংগীত, ফ্যাশন, খাবার ও বিয়ের নানা অনুষঙ্গের সমন্বয়ে ওয়েডিং কার্নিভালটি পরিণত হয় এক বর্ণিল উৎসবে। আর সেই উৎসবের ফ্যাশন শোতে অভিনেতা তুষার খানের ঐতিহ্যবাহী পোশাকে র্যাম্পে উপস্থিতির মুহূর্তটি ছিল আয়োজনের দৃষ্টিনন্দন দৃশ্যগুলোর একটি।
0 মন্তব্য