বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে নতুন মোড় এসেছে। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে অভিযোগ অস্বীকার করা বাকি তিনজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ট্রাইব্যুনালের মাধ্যমে।
বিপিএলের একাদশ আসরে বেশ কিছু সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন ওই কমিটি দীর্ঘ তদন্ত শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাদ রাখে বিসিবি। তারা হলেন—এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।
তবে বোর্ডে পরিবর্তনের পর তদন্ত প্রতিবেদন নিয়ে বিসিবির অবস্থানেও পরিবর্তন আসে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে আগের মতো গুরুত্ব দেয়নি। যদিও ওই নয় ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।
এরই মধ্যে দ্বাদশ বিপিএলে নতুন করে ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ করার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।
অভিযোগ স্বীকার করা সাতজনের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ। বাকি একজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালের মাধ্যমে।
তবে বিপিএলে ফিক্সিংবিরোধী তদন্তের কার্যক্রম এখনো শেষ হয়নি। আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।
এত তদন্ত, নিষেধাজ্ঞা ও শাস্তির উদ্যোগের পরও দেশের ক্রিকেটে ফিক্সিং কতটা নিয়ন্ত্রণে এসেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট তদন্ত পরিচালনা করলেও অভিযুক্তদের নাম প্রকাশ এবং শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বোর্ডের হাতে। ফলে ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিবি এবার কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটাঙ্গন।
0 মন্তব্য