মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা উদ্যোগ ঘিরে বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে নেওয়া একটি উদ্যোগ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ খোঁজা হবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় কিছু অগ্রগতি দেখা যাচ্ছে। ট্রাম্প ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের তেলের দামও প্রায় ১ দশমিক ৬ শতাংশ কমে ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করে।
এর আগে সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেলের দাম এক পর্যায়ে ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে দাম আবার কমতে শুরু করে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এখনো বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে রয়ে গেছে। বিশ্বের মোট জ্বালানি তেল পরিবহনের একটি বড় অংশ এই জলপথ দিয়ে হয়ে থাকে।
বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন, বাজার এখন মূলত নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাস্তব কোনো সমঝোতা হয় কি না এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কি না।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাম্প্রতিক সামরিক পদক্ষেপের লক্ষ্য অর্জিত হয়েছে এবং এখন কূটনৈতিক সমাধানের দিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে ইরান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
0 Comments