তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টসশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।
বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সদস্যকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও সভাটি স্থগিত করা হয়।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। তবে ওই বৈঠকে মালিকপক্ষ তাৎক্ষণিক কোনো প্রস্তাব দেয়নি। অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। পরে বোর্ড তাদের চার কার্যদিবস সময় বেঁধে দেয়।
0 মন্তব্য