হরমুজ প্রণালিতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির অগ্রগতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, চুক্তি চূড়ান্ত করা সম্ভব কিনা, তা পর্যবেক্ষণের সুযোগ তৈরি করতেই আপাতত এই অভিযান বন্ধ রাখা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আগের মতোই কার্যকর থাকবে।
এর আগে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ নেয়। তবে এ ধরনের পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল হিসেবে আখ্যা দিয়ে এর বিরোধিতা করে ইরান এবং প্রতিরোধের ঘোষণা দেয়।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের আক্রমণাত্মক ধাপ শেষ হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, যাতে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হয়।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলমান সামরিক কার্যক্রমকে সরাসরি যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে না। এ কারণে এ ধরনের কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের আলাদা অনুমোদনের প্রয়োজন নেই বলেও দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে ওয়াশিংটন, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন বার্তা দিতে পারে।
0 Comments