ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট জোট সরকার গঠনের আলোচনায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) আইজেনকোটের দল ইয়াশার এ তথ্য জানিয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার থেকে শুরু হতে যাওয়া এ আলোচনা নতুন সরকার গঠনে সর্বোচ্চসংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার আন্তরিক প্রচেষ্টার অংশ।
সাবেক সেনাপ্রধান আইজেনকোটের হাতে আগামী মাস পর্যন্ত সময় রয়েছে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়ে নতুন সরকার গঠনের। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবারের এ ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক শিবিরের মধ্যে সরকার গঠনের কৌশল নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। অতিধর্মীয় দল ও আরব সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক রাজনৈতিক জোটের সঙ্গে সরকার গঠন করা হবে, নাকি নেতানিয়াহুর শিবিরকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে, তা নিয়ে শিবিরটির মধ্যে বিভক্তি রয়েছে।
এক বিবৃতিতে ইয়াশার পার্টি জানায়, সরকার গঠনের সব সম্ভাবনা কাজে লাগাতে দলীয় প্রধান গাদি আইজেনকোট তার আলোচক দলকে লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক ও বিস্তারিত আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। রোববার পূর্বনির্ধারিত বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার গঠনের পথে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছাতে কোনো প্রচেষ্টাই বাদ রাখা হবে না।
এদিকে আইজেনকোটের রাজনৈতিক শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, আইজেনকোটের নেতৃত্বেই এ সরকার গঠন করা উচিত। একই সঙ্গে নেতানিয়াহু কিংবা তার নেতৃত্বাধীন কোনো জোটে যোগ না দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।
এক বিবৃতিতে বেনেট বলেন, নেতানিয়াহু যাতে ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হতে না পারেন, তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তার দল কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার রাজনৈতিক শিবিরের সঙ্গে জোটে যাবে না।
অন্যদিকে, জাতীয় ঐক্যের সরকার গঠনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তার দাবি, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সরকার প্রয়োজন।
আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে তার আপত্তি নেই। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে তিনি যোগ দেবেন না বলে আগেই স্পষ্ট করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) আইজেনকোট প্রতিশ্রুতি দেন, সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না তিনি। বৃহত্তর রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হলে সংসদে ভোটাভুটির জন্য একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাবও দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।
0 মন্তব্য