হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন ঔদ্ধত্যপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্তের কাজে সেখানে যান এএসআই ইলিয়াস হোসাইন। তদন্তের সময় বাজারের স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি প্রকাশ্যে এই বক্তব্য দেন। উপস্থিত এক ব্যক্তি গোপনে তাঁর পুরো বক্তব্যটি মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে এএসআই ইলিয়াস হোসাইনকে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
পুলিশ বাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ ও সেবামূলক প্রতিষ্ঠানের পোশাক গায়ে জড়িয়ে এমন দুর্নীতির পক্ষে খোলামেলা সাফাই গাওয়ায় সাধারণ মানুষ হতবাক হয়েছেন। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য যদি প্রকাশ্যে এভাবে দুর্নীতির স্বীকৃতি দেন, তবে সাধারণ মানুষ কার কাছে নিরাপদ থাকবে? এ ধরনের বক্তব্য পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে জেলাজুড়ে এবং অনলাইন মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
0 মন্তব্য