চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) রাত ১১টার দিকে নওগাঁ ১৬ বিজিবির রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ ২২৫/৩-আর সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই নারীকে আটকে বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে এবং পরবর্তীতে ওই নারীকে সীমান্তরেখা বরাবর ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তিন দফায় সর্বমোট ৪৪ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে প্রতিবারই স্থানীয় জনগণের সহযোগিতায় বিজিবির তীব্র প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
পরপর তিনবার পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি, সর্বোচ্চ সতর্কতা এবং টহল বাড়িয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষায় ইতোমধ্যে তিনটি ব্যাটালিয়নে জনবল বৃদ্ধি করা হয়েছে। বিজিবির পাশাপাশি সীমান্তের স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।
অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। নদী ও বিল এলাকায় নৌকা এবং স্থলপথে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এছাড়া রাতের অন্ধকারে অনুপ্রবেশ রুখতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা।
স্থানীয়দের ধারণা, এই সীমান্ত এলাকাটি কাঁটাতারবিহীন হওয়ার সুযোগ নিয়ে বিএসএফ বারবার মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে।
এর আগে ১৩ জুন (শুক্রবার) রাত ১২টা ৪০ মিনিটের দিকে রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এই দলে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।
তারও আগে ৪ জুন ভোরে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে আরও ২৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। সে সময় বিজিবির কঠোর বাধার মুখে অনুপ্রবেশকারীরা শূন্যরেখায় তিন দিন অবস্থান করতে বাধ্য হয় এবং পরবর্তীতে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
0 মন্তব্য