রাজশাহীর অভিজাত গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘গ্র্যান্ড উদ্যোক্তা এক্সপো ও পিঠা উৎসব-২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কেক কেটে উৎসবের উদ্বোধন করা হয়।
ছুটির দিনে উৎসবের প্রথম দিন থেকেই দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দেশীয় পণ্য, স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীল কাজ এবং শীতের ঐতিহ্যবাহী পিঠাপুলির সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। মেলা চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
রাজশাহীর কাজীহাটায় অবস্থিত গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের তৃতীয় তলার পদ্মা হলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
তাসনিম বিনতের উপস্থাপনায় এবং গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেলায় মিডিয়া ও কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ভয়েস অব রাজশাহী। এতে অংশ নিয়েছেন রাজশাহীর নতুন ও পুরোনো উদ্যোক্তারা।
মেলার অন্যতম আকর্ষণ দেশীয় ও হস্তশিল্প পণ্যের স্টল। স্থানীয় তরুণ ও নারী উদ্যোক্তাদের সাজানো এসব স্টলে পাওয়া যাচ্ছে দেশীয় পোশাক, হাতে তৈরি গহনা, হস্তশিল্পসহ নানা ধরনের সৃজনশীল পণ্য।
এ ছাড়া শীতের আমেজকে কেন্দ্র করে মেলায় বসেছে ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন। বাংলার নানা ধরনের পিঠার পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ লাইভ কুকিং স্টেশন। সেখানে হোটেলের শেফদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে গরম ও মুচমুচে দোসা। এরই মধ্যে খাবারটি দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
দোসার পাশাপাশি মেলায় পাওয়া যাচ্ছে পিজ্জা, চাইনিজ, থাই ও বাংলা খাবারসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।
কেনাকাটা ও খাওয়াদাওয়ার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগও থাকছে এ আয়োজনে। পুরো উৎসবজুড়ে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা ও পারিবারিক বিনোদনের ব্যবস্থা।
আয়োজকদের প্রত্যাশা, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও সৃজনশীল কাজের পরিচিতি বাড়ানোর পাশাপাশি এ উৎসব রাজশাহীর মানুষের জন্য আনন্দমুখর মিলনমেলায় পরিণত হবে।
0 মন্তব্য