বাঙালির খাবারের তালিকায় ইলিশের রয়েছে বিশেষ স্থান। জাতীয় মাছ হিসেবে পরিচিত ইলিশের স্বাদ নিতে পছন্দ করেন প্রায় সব শ্রেণি-পেশার মানুষ। তবে বাজারে ইলিশের চড়া দামে সেই আগ্রহ এখন অনেকটাই হতাশায় পরিণত হয়েছে। রাজশাহীর বাজারগুলোতে বিভিন্ন আকারের ইলিশের পর্যাপ্ত উপস্থিতি থাকলেও দামের কারণে সাধারণ ক্রেতাদের বড় একটি অংশের নাগালের বাইরে চলে গেছে মাছটি। ফলে বাজারে ইলিশ দেখে দাম জিজ্ঞেস করেই খালি হাতে বাড়ি ফিরছেন অনেকে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে ইলিশ এখন অনেকটাই বিলাসী খাবারে পরিণত হয়েছে।
রাজশাহীর নিউ মার্কেট, সাহেববাজার, হড়গ্রাম বাজার ও আমচত্বর নওদাপাড়া আড়ত ঘুরে দেখা গেছে, বাজারে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে আকার, ওজন ও মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। বড় ও ভালো মানের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কয়েক হাজার টাকা। ফলে ইচ্ছা থাকলেও সংসারের অন্যান্য খরচের কথা বিবেচনা করে অনেকেই ইলিশ কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছেন।
বাজার ঘুরে দেখা যায়, ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ প্রতি কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ১ হাজার ২০০ টাকা। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৭০০ টাকায়। অন্যদিকে, ১ কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম চাওয়া হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ টাকা। বড় আকারের কিছু ইলিশের দাম আরও বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
ইলিশের দাম শুনে হতাশ হয়ে পড়ছেন বাজারে আসা সাধারণ ক্রেতারা। কেউ মাছ হাতে নিয়ে দেখছেন, কেউ দরদাম করছেন; কিন্তু শেষ পর্যন্ত অনেকেই কিনতে পারছেন না।
নিউ মার্কেটে মাছ কিনতে আসা আলী আকবর হোসেন বলেন, ‘ছোট ইলিশের দাম কিছুটা কম হলেও ভালো আকারের মাছ কিনতে গেলে অনেক টাকা লাগে। আগে মৌসুমে অন্তত এক-দুবার ইলিশ কিনতাম। এবার দাম শুনেই ফিরে যেতে হচ্ছে। এক কেজি ইলিশ কিনতে আড়াই হাজার টাকা লাগলে সংসারের অন্য খরচ কীভাবে চালাব? এত টাকা দিয়ে এক বেলার জন্য মাছ কেনা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়।’
একই বাজারে মাছ কিনতে আসা নিম্ন আয়ের ক্রেতা সুমন আলী বলেন, ‘পরিবারের সবাই ইলিশ খেতে পছন্দ করে। বিশেষ করে ছেলেমেয়েরা ইলিশ মাছের কথা বললে কিনে দিতে ইচ্ছা করে। কিন্তু মাছের দাম শুনে আর সাহস পাইনি। বাজারে চাল, ডাল, তেল, সবজিসহ সবকিছুর দাম বেশি। তার ওপর এত দাম দিয়ে ইলিশ কেনা সম্ভব নয়। ইলিশ এখন শুধু বড়লোকদের মাছ হয়ে গেছে।’
হড়গ্রাম বাজারে মাছ কিনতে আসা দিনমজুর সুবহান আলী বলেন, ‘সারাদিন কাজ করে যা আয় করি, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। এক কেজি ইলিশের দাম যদি দুই হাজার টাকা হয়, তাহলে সেই মাছ কেনার কথা চিন্তাও করতে পারি না। ইচ্ছা থাকলেও পরিবারের জন্য কিনতে পারি না। বাজারে এসে শুধু দেখি, দাম জিজ্ঞেস করি, তারপর অন্য মাছ নিয়ে বাড়ি ফিরি।’
আরেক ক্রেতা সজীব ইসলাম বলেন, ‘আমরা তো ইলিশ খেতে চাই। কিন্তু বাজারে এসে যখন দেখি ছোট মাছেরও দাম অনেক, তখন আর কেনার সাহস হয় না। আগে কম দামের ছোট ইলিশ কিনেও পরিবারের সবাই মিলে খেতে পারতাম। এখন সেটাও কঠিন হয়ে গেছে। মাছের বাজারে সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না।’
ব্যবসায়ীরা জানান, রাজশাহীর বাজারে ইলিশের বড় একটি অংশ আসে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, গলাচিপা ও পাথরঘাটা থেকে। এসব মোকাম থেকে মাছ কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন তারা। তবে বড় আকারের ইলিশের সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেশি।
নিউ মার্কেটের মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলী বলেন, ‘বাজারে ইলিশের সরবরাহ একেবারে কম নয়। তবে বড় আকারের মাছ তুলনামূলক কম আসছে। মোকাম থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে। পরিবহন খরচসহ অন্যান্য খরচ রয়েছে। তাই খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ছোট ইলিশের দাম তুলনামূলক কম হলেও বড় মাছের চাহিদা বেশি। সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে।’
রাজশাহীর অন্যান্য বাজারেও ইলিশের দামের চিত্র প্রায় একই। আমচত্বর নওদাপাড়া আড়তে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এক কেজি বা কাছাকাছি ওজনের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। আর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়।
আড়ত সংশ্লিষ্টদের মতে, বড় আকারের ইলিশের চাহিদা বেশি থাকায় এসব মাছের দামও তুলনামূলক বেশি। অন্যদিকে, কম ওজনের মাছের ক্রেতা থাকলেও দাম নিয়ে দরদাম করতে দেখা যাচ্ছে অনেককে।
নিউ মার্কেট মাছ বাজারের আড়তদার জান মোহাম্মদ বলেন, ‘কয়েকদিন আগে পূজার সময় ইলিশ মাছের ভালো চাহিদা ছিল। কিন্তু এখন মাছের সরবরাহও কম, আবার দামও বাড়তি। জেলেদের কাছ থেকে কয়েক হাত ঘুরে আমাদের কাছে মাছ আসে। এ কারণে রাজশাহীতে ইলিশের দাম কিছুটা বেশি।’
ইলিশ শুধু বাঙালির রসনাবিলাসের অংশ নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন ডি। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম, হৃদ্স্বাস্থ্য ও মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে। বিশেষ করে শিশুদের সুষম খাদ্য নিশ্চিত করতে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে উচ্চমূল্যের কারণে নিম্ন আয়ের পরিবারগুলো ইলিশের মতো পুষ্টিকর মাছ কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে খাদ্যাভ্যাসেও তৈরি হচ্ছে বৈষম্য। যেসব পরিবার বেশি দামে মাছ কিনতে পারছে, তারা ইলিশ খাওয়ার সুযোগ পাচ্ছে। অন্যদিকে, সীমিত আয়ের পরিবারগুলোকে কম দামের বিকল্প মাছের ওপর নির্ভর করতে হচ্ছে।
ক্রেতাদের দাবি, বাজারে ইলিশের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি মোকাম থেকে খুচরা বাজার পর্যন্ত সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
সাধারণ ক্রেতাদের প্রত্যাশা, ইলিশ শুধু সামর্থ্যবান মানুষের খাবার হয়ে থাকবে না। দাম ক্রয়ক্ষমতার মধ্যে এলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষও আবার স্বাচ্ছন্দ্যে জাতীয় মাছ ইলিশ কিনে পরিবারের সদস্যদের মুখে তুলে দিতে পারবেন। আপাতত রাজশিয়ার বাজারে ইলিশের উপস্থিতি থাকলেও দামের কারণে তা কেনার সামর্থ্য হচ্ছে না অনেকের। তাই ইলিশের সামনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলেই বাড়ি ফিরছেন অসংখ্য ক্রেতা।
0 মন্তব্য