সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিলে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিউটি পারভীন সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটির কোর্ট পিটিশন নম্বর-১৭৭।
মামলার বাদী বিউটি পারভীন সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
মামলার এজাহার ও আদালতে দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের সজল ও তার সহযোগীরা আব্দুল মান্নানের বাড়িতে অনধিকার প্রবেশ করেন। এ সময় গরু বিক্রির এক লাখ ৭০ হাজার টাকা এবং বিউটি পারভীনের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পরদিন অভিযুক্তরা আব্দুল মান্নানের বসতবাড়ির পাশের একটি কাঠবাগানে বসে আবারও মাদক সেবন করছিলেন। বাগানে প্রবেশ ও সেখানে মাদক সেবনে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আব্দুল মান্নান, তার স্ত্রী বিউটি পারভীনসহ পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং হত্যা ও অপহরণের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বাগানের গাছ কেটে ফেলা এবং বসতবাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। একই সঙ্গে আব্দুল মান্নানের ডিগ্রিপ্রাপ্ত জমিতে স্থাপিত সরকারি সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী আব্দুল মান্নান ও তার স্ত্রী বিউটি পারভীন ছিনিয়ে নেওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সজলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ তৎপর রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্য