হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনাটিকে মাহদী হাসানের ‘নাটক’ বলে মন্তব্য করেছেন।
ফেসবুক লাইভে মাহদী হাসান জানান, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তারা। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ তাদের ঘরের টিনের চালে পরপর দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে আগুন জ্বলতে দেখেন তারা। এ সময় পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু ছোড়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেন তিনি।
লাইভে মাহদী বলেন, তারা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। তার ধারণা, পেট্রোলবোমা জাতীয় কিছু ছুড়ে মারা হয়েছে।
তবে মাহদীর অভিযোগের সঙ্গে একমত নন ওসি মো. জাহিদুল হক। রাত ২টার দিকে তিনি জানান, ফেসবুক লাইভ দেখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি।
ওসি বলেন, ঘটনাটি মাহদী হাসানের ‘নাটক’। তার ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার কারণ ব্যাখ্যা করে ওসি জানান, মাহদী হাসানের বাড়ি থেকে আনুমানিক ২০ থেকে ৩০ গজ দূরে তার চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে তার চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে গেছে।
ওসির দাবি, চাচার বাড়িতে আগুন লাগার ঘটনা দেখে মাহদী হাসান নিজের বাড়ির জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি।
0 মন্তব্য