দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতান লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেননি আর্জেন্টাইন অধিনায়ক।
তবে মেসির জাতীয় দল ও ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলের বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত মিলেছে—ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে প্রস্তুতি নিচ্ছেন মেসি।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দি পল জানান, গত দুই-তিন মাস ধরে বিশ্বকাপকে সামনে রেখেই বিশেষ প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা। ক্লাবের নিয়মিত অনুশীলনের বাইরে আলাদাভাবেও কাজ করছেন দুই আর্জেন্টাইন তারকা।
দি পল বলেন, “আমরা বিশ্বকাপের জন্যই প্রস্তুতি নিচ্ছি। গত দুই-তিন মাস ধরে ক্লাবের অনুশীলনের পাশাপাশি আমরা প্রতিদিন আলাদা অনুশীলন করছি। সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে লিও ও আমি নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছি। বিশ্বকাপের ভাবনা ছাড়া থাকা যায় না। ভয়, অনিশ্চয়তা ও রোমাঞ্চ নিয়ে দল ঘোষণার অপেক্ষায় আছি।”
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় স্মরণীয় করে রাখতে কোনো কমতি রাখতে চান না মেসি। বয়স বাড়লেও ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে। আর সেখানে মেসিকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেটিই এখন ফুটবলভক্তদের সবচেয়ে বড় অপেক্ষা।
0 মন্তব্য