বিরাট কোহলি–কে বোল্ড করার পর মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুড়ে উদযাপন করলেন তরুণ পেসার প্রিন্স যাদব। কারণ, এমন এক ডেলিভারিতে তিনি ফিরিয়েছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানকে, যা যে কোনো বোলারের জন্য স্বপ্নের মুহূর্ত।
অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢুকে আসা ১৪০.৪ কিলোমিটার গতির ডেলিভারিটি ডিফেন্স করার চেষ্টা করেছিলেন কোহলি। তবে বলটি তার ব্যাট ফাঁকি দিয়ে সোজা উড়িয়ে দেয় অফ স্টাম্প। মাত্র দুই বল খেলে শূন্য রানেই সাজঘরে ফেরেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–এর এই তারকা ব্যাটার।
গত বৃহস্পতিবার লখনৌ সুপার জায়ান্টস–এর বিপক্ষে রান তাড়ার ম্যাচে এই হতাশাজনক অভিজ্ঞতার মুখোমুখি হন কোহলি। তিন বছর ও ৪৬ ইনিংস পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–এ শূন্য রানে আউট হলেন তিনি।
সবশেষ ২০২৩ সালের এপ্রিলে রাজস্থান রয়্যালস–এর বিপক্ষে ম্যাচে প্রথম বলেই এলবিডব্লিউ হয়েছিলেন কোহলি। সেবার তাকে ফেরান নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।
আর রান তাড়ায় কোহলির শূন্য রানে ফেরার ঘটনা আইপিএলে দেখা গেল ২০১৭ সালের পর প্রথমবার। ওই বছর কলকাতা নাইট রাইডার্স–এর বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। সেই ম্যাচে বেঙ্গালুরু অলআউট হয়েছিল মাত্র ৪৯ রানে, যা এখনো আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
তবে চলতি আসরে এর আগে দুর্দান্ত ছন্দেই ছিলেন আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। লখনৌর বিপক্ষে ম্যাচের আগে ৯ ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩৭৯ রান। করেছিলেন তিনটি অর্ধশতকও। সর্বোচ্চ ইনিংস ছিল ৮১ রানের।
0 Comments