গাজীপুরে শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনি ধর্মঘটের অভিযোগে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে সৃষ্ট শ্রমিক অসন্তোষের জেরে কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
কারখানা দুটি হলো—গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরি (নতুন বাজার) এলাকার এসরোটেক্স লিমিটেড এবং গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা (ভবানীপুর) এলাকার গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেড। এসরোটেক্স লিমিটেড ২৩ নভেম্বর থেকে এবং গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেড ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসরোটেক্স লিমিটেডের মানবসম্পদ (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) বিভাগের সহ-মহাব্যবস্থাপক রিফাত হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলেও কর্তৃপক্ষ কারখানার স্বাভাবিক কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছে। তবে ১০, ১৭ ও ১৮ নভেম্বর নির্ধারিত সময়ে কারখানা খোলা হলেও শ্রমিকরা কাজ বন্ধ রেখে অবস্থান করেন। এ সময় বাইরে থেকে অন্য কারখানার শ্রমিক ও বহিরাগতরা কারখানার প্রধান ফটকে এসে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের চেষ্টা করেন। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ১৯ নভেম্বর কারখানা খোলা হলে শ্রমিকরা যথাসময়ে প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর কাজ না করে বেরিয়ে যান। একইভাবে ২২ নভেম্বর শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রাখেন। এ সময় পার্শ্ববর্তী কারখানার শ্রমিকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে আবারও কারখানায় ছুটি ঘোষণা করতে হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের এমন কর্মকাণ্ড বেআইনি ধর্মঘটের শামিল।
এ পরিস্থিতিতে শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৩ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব বিভাগ ও শাখার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগ এ বন্ধের আওতামুক্ত থাকবে।
অন্যদিকে, গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেডের নোটিশে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনি ধর্মঘটের কারণে ৯ ও ১০ নভেম্বর এবং ১৭ ও ১৮ নভেম্বর কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। পরে ১৯ নভেম্বর শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর কর্মবিরতি শুরু করে কারখানা ত্যাগ করেন।
নোটিশে আরও বলা হয়, ২১ নভেম্বর শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর আবারও কর্মবিরতি শুরু করেন। এ সময় কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টি করে তাঁরা বেরিয়ে যান। এ অবস্থায় শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
উভয় কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে নোটিশের মাধ্যমে শ্রমিকদের জানানো হবে।
0 মন্তব্য