ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলা কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মাত্র ১৫ বছর বয়সেই দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সবার নজর কাড়লেও এবার তাকে ‘শিশুশ্রমে নিযুক্ত’ করার অভিযোগ উঠেছে তার দল রাজস্থান রয়্যালস–এর বিরুদ্ধে।
কর্ণাটকের সমাজকর্মী সিএম শিবকুমার নায়ক অভিযোগ করে দাবি করেছেন, এত অল্প বয়সে সূর্যবংশীকে আইপিএলের মতো পেশাদার প্রতিযোগিতায় খেলানো আইন লঙ্ঘনের শামিল।
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডের বরাতে জানা যায়, নায়ক বলেন, “রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী ছেলে বৈভব সূর্যবংশীকে শোষণ করা হচ্ছে। সে নেহাতই একজন শিশু। তাকে আইপিএলের মতো জায়গায় পেশাদার ক্রিকেট খেলতে আনা হয়েছে। এটি শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, এত বড় একটি প্রতিযোগিতায় তারা কীভাবে একজন নাবালককে খেলাতে পারে? এই বয়সে ক্রিকেট খেলার বদলে তার পড়াশোনায় মন দেওয়া এবং বিদ্যালয়ে গিয়ে শিক্ষা গ্রহণ করা উচিত।
একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন।
তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের বয়স কমপক্ষে ১৫ বছর হলে সে আন্তর্জাতিক বা অনূর্ধ্ব–১৯ পর্যায়ে খেলতে পারে। বিশেষ অনুমোদনের মাধ্যমে এর চেয়েও কম বয়সী ক্রিকেটারদের খেলার সুযোগ রয়েছে।
অন্যদিকে, ভারতের ক্রিকেট বোর্ডে–এর নিয়ম অনুসারে, অনূর্ধ্ব–১৬ বা অনূর্ধ্ব–১৯ পর্যায়ের কোনো খেলোয়াড় আইপিএলে অংশ নিতে চাইলে তার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকতে হয়। সূর্যবংশী ইতোমধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করায় সেই শর্ত পূরণ করেছেন।
সব বিতর্কের মাঝেও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই কিশোর ক্রিকেটার। চলতি আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪০৪ রান করেছেন তিনি। রয়েছে একটি শতকও। তার আক্রমণাত্মক ব্যাটিং ও দ্রুত রান তোলার দক্ষতা ইতোমধ্যেই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্তির আলোচনায় নিয়ে এসেছে।
0 Comments