উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করেও সাড়া পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কিমের কাছে পাঠানো ট্রাম্পের একটি চিঠিও গ্রহণ করেননি উত্তর কোরিয়ার এক কূটনীতিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনাগ্রহ দেখিয়ে বরং পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন কিম।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর সরকারি টেলিফোন লাইনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিম জং উনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ট্রাম্প। তবে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কিমের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস।
এ জন্য নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন মার্কিন কর্মকর্তারা। কয়েকজন কর্মকর্তা কার্যালয়টির বাইরে অপেক্ষা করছিলেন। এক উত্তর কোরীয় কূটনীতিক সেখানে পৌঁছালে তার হাতে চিঠিটি তুলে দেওয়া হয়। তবে ওই কূটনীতিক পরে জাতিসংঘের একটি বৈঠকে চিঠিটি না খুলেই মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল। এসব বৈঠকের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো। তবে বর্তমানে এ বিষয়ে আলোচনায় কিমের তেমন আগ্রহ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি এশিয়া সফরের সময়ও কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। দুই দেশের মধ্যে শেষ মুহূর্তে বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও কিমের দেওয়া কয়েকটি শর্ত যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি। ফলে শেষ পর্যন্ত বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে সর্বশেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে দেশটির কাছে আনুমানিক ৬০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগে এই সংখ্যা ছিল ২০ থেকে ৩০টির মধ্যে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) তৈরি করেছে দেশটি।
গত ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে কিম বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে যুক্তরাষ্ট্র মেনে নিলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব। অন্যথায় দুই দেশকে ‘চিরস্থায়ী সংঘাতের’ মুখোমুখি হতে হবে।
এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও অর্থ সংগ্রহ করছে পিয়ংইয়ং বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ চুরির ঘটনায়ও উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে।
0 মন্তব্য