বিশ্বকাপের গ্রুপপর্ব এখন জমে উঠেছে। গ্রুপ ‘আই’ থেকে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। ফলে আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিক নয়; গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের গুরুত্বপূর্ণ লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
তবে ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের মুখোমুখি লড়াই। বর্তমান সময়ের দুই সেরা ফরোয়ার্ডের এই দ্বৈরথকে অনেকে দেখছেন ভবিষ্যৎ ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা হিসেবেও।
২০২২ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। এখন তাদের লক্ষ্য গ্রুপসেরা হয়ে নকআউটে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া।
গোল্ডেন বুটের দৌড়েও সমানে সমান এমবাপ্পে ও হালান্ড। প্রথম দুই ম্যাচে দুজনই করেছেন চারটি করে গোল। ফলে আজকের ম্যাচটি ব্যক্তিগত অর্জনের দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ। গত বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পাওয়া এমবাপ্পে এবারও সেই কীর্তি ধরে রাখার পথে এগিয়ে চলেছেন।
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ডও। নরওয়ে টানা ১২ ম্যাচ ধরে অপরাজিত। জাতীয় দলের হয়ে শেষ আট ম্যাচে ১৬ গোল করেছেন ‘গোল মেশিন’ খ্যাত এই স্ট্রাইকার। আজ আর একটি গোল করলেই দেশের জার্সিতে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। সেই আসরে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল ভাইকিংরা। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে হালান্ড, মার্টিন ওডেগার্ড, সান্দের বের্গে ও ফ্রেডরিক আউরসনেসদের নেতৃত্বে আবারও নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে দলটি।
অন্যদিকে, দারুণ ছন্দে থাকলেও ম্যাচের আগে একটি ধাক্কা খেয়েছে ফ্রান্স। প্রধান কোচ দিদিয়ের দেশমের মায়ের মৃত্যু হওয়ায় তিনি দেশে ফিরে গেছেন। ফলে আজকের ম্যাচে ফরাসিদের ডাগআউটের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গাই স্টেফান।
গ্রুপ ‘আই’-এর রানার্সআপ দল নকআউট পর্বে গ্রুপ ‘ই’-এর রানার্সআপের মুখোমুখি হবে। আর গ্রুপসেরা দল শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পেতে পারে স্কটল্যান্ড অথবা কেপ ভার্দেকে।
সব মিলিয়ে, আজকের লড়াই শুধু তিন পয়েন্ট কিংবা গ্রুপসেরার জন্য নয়; এটি গোল্ডেন বুটের প্রতিযোগিতা, নকআউটে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করার লড়াই এবং একই সঙ্গে বিশ্বের দুই সেরা তারকা এমবাপ্পে ও হালান্ডের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের আরেকটি মঞ্চ।
0 মন্তব্য