মিশর জাতীয় দলের কোচ হোসাম হাসান বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ-কে ঘিরে তৈরি হওয়া বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দলের ভেতরে কোনো সমস্যা নেই এবং সবাই পেশাদারভাবেই কাজ করছে।
রোববার ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে নিউজিল্যান্ড-এর বিপক্ষে গ্রুপ ‘জি’-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাসান বলেন, “সালাহ আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শুধু সে নয়, আমার সঙ্গে থাকা ২৬ জন খেলোয়াড়ই সমান গুরুত্বপূর্ণ। আমি কোনো খেলোয়াড়ের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করি না।”
৩৪ বছর বয়সী সালাহ বিশ্বকাপ বাছাইপর্বে ৯ গোল করেছিলেন। এছাড়া বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া প্রথম ম্যাচে তিনি ইমাম আশুরের গোলেও সহায়তা করেন। তবে ওই ম্যাচের ৭৬তম মিনিটে তাকে তুলে নেওয়া হলে তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিম মাঠে নামেন। এরপর থেকেই সালাহকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এসব আলোচনা নাকচ করে হাসান বলেন, “সালাহ একজন অসাধারণ খেলোয়াড়, যে সবসময় সতীর্থদের সাহায্য করে। সে খুবই শৃঙ্খলাবদ্ধ এবং অন্যদের জন্য আদর্শ।”
তিনি আরও বলেন, “সে ম্যাচ শুরু করুক বা বদলি হয়ে মাঠ ছাড়ুক, সেটি একজন খেলোয়াড় হিসেবে তার দায়িত্বের অংশ। আমি সবসময় দলের স্বার্থেই সিদ্ধান্ত নিই। সালাহ আমার সিদ্ধান্তকে সম্মান করে এবং সে খুবই ইতিবাচক মানসিকতার একজন ফুটবলার।”
বিশ্বকাপের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর এবার নিজেদের প্রথম জয় খুঁজছে মিশর। অন্যদিকে, নিউজিল্যান্ডও ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করে অভিযান শুরু করেছে।
ম্যাচটি নিয়ে মিশর কোচ বলেন, “আমরা ইতিবাচক কিছু উপহার দিতে চাই। আমাদের প্রতিভা ও সামর্থ্য বিশ্বকে দেখাতে চাই। প্রথম ম্যাচে আমরা ড্র করেছি, এবার জয় পেয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করাই আমাদের লক্ষ্য। এটাই মিশরীয় জনগণ, মিশরীয় ফুটবল এবং আফ্রিকান ফুটবলের প্রত্যাশা।”
0 মন্তব্য