ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কবিরাজসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ১৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহিনা নাসরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করে নাসিরনগর থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা ও শুনানি শেষে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, লালু মিয়া, পায়েল মিয়া ও জালাল মিয়া; চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়া; হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়া এবং চাপরতলা ইউনিয়নের শফিক মিয়া ও আঙ্গুর মিয়া।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
0 মন্তব্য