রাজধানীর কারওয়ান বাজারে কিচেন মার্কেটের নিচ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও জরুরি কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. আব্দুল জব্বার (৫১)।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত তাঁর দোকান বন্ধ করার পর সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কাছে থাকা শপিং ব্যাগে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং দোকানের কিছু জরুরি কাগজপত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত হিসেবে উল্লেখ করা আব্দুর রহমান (৩০), দুলাল মিয়া (৩৮) ও বেলাল হোসেনের (৩০) বিরুদ্ধে তাঁর কাছ থেকে এসব মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর আশপাশে খোঁজাখুঁজি করেও অভিযুক্তদের পাওয়া যায়নি। পরে তিনি থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
তবে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
0 মন্তব্য