বান্দরবান সদর উপজেলার হলুদিয়া কাইছতলী গ্রামে পাহাড় কেটে রাস্তা নির্মাণ এবং বাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে একদল গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, হলুদিয়া জামে মসজিদের ওপরের পাহাড়ি এলাকায় মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে বাগানের গাছও কাটা হচ্ছে। এতে পাহাড়ের মাটি আশপাশের বাড়িঘরের ওপর পড়ছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
অভিযোগ অনুযায়ী, মো. হাশেম নামে এক গাছ ব্যবসায়ীর সঙ্গে কাইছতলী এলাকার বাসিন্দা লেদু মিয়াসহ কয়েকজন এ কাজে যুক্ত রয়েছেন। স্থানীয়দের দাবি, অন্যের জমির ওপর দিয়েও রাস্তা নির্মাণ করা হচ্ছে। গাছ কাটতে নিষেধ করা হলেও তা উপেক্ষা করে শ্রমিক দিয়ে গাছ কাটার কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর ভাষ্য, পাহাড় কেটে রাস্তা নির্মাণের ফলে আশপাশের বাড়িঘর ঝুঁকির মুখে পড়তে পারে। এ পরিস্থিতিতে পাহাড় কাটা ও গাছ কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে গাছের বাগানের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
0 মন্তব্য