রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাজমুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় ইমন (১৯) নামের আরো এক যুবক আহত হয়েছেন। নিহত নাজমুল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি।
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, ডেমরা কোনাপাড়া বাঁশেরপুর পেপার মিল গেটের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল ও তার বন্ধু ইমন গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিলে নাজমুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ইমনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
0 মন্তব্য