জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং রাজধানীসহ শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
এ প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর হবে। গতকাল সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠক হয়।
এতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়। দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানিয়ে পরিবহন মালিকরা বলেন, তা না হলে বাড়তি দামে জ্বালানি কিনে বিভিন্ন রুটে ভাড়া আদায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য খরচও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবার জ্বালানির মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতেই ভাড়া সমন্বয়ে তাঁরা একমত হয়েছেন।
রবিবার রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করেছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বাসসহ বেশির ভাগ গণপরিবহন ডিজেলে চলায় এতে পরিবহন ব্যয় বেড়েছে।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দুই টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে দুই টাকা ৪৩ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে ভাড়া দুই টাকা ২৩ পয়সা। প্রস্তাবিত হার কার্যকর হলে ১০০ কিলোমিটার দূরত্বে দূরপাল্লার বাসের মূল ভাড়া ২০ টাকা বাড়বে। এর সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত হলে মোট ভাড়া আরো বাড়তে পারে।
0 মন্তব্য