ঢাকায় আজ বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এতে গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন কিংবা নতুন চুক্তির বিষয়ে এবারের বৈঠকের আলোচ্যসূচিতে কোনো বিষয় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির আওতায় এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে দেশের কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
প্রসঙ্গত, ১৯৭৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৬ সালের চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনের কথা রয়েছে। এ সময় নির্ধারিত হিসাব অনুযায়ী উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।
আগামী ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি স্বাক্ষর কিংবা বিদ্যমান চুক্তির মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
এদিকে, ভবিষ্যতে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন করা হলে ন্যায্য হিস্যা অনুযায়ী বাংলাদেশের জন্য নির্দিষ্ট পরিমাণ পানি নিশ্চিত করার দাবি উঠেছে। এ লক্ষ্যে নতুন বা নবায়ন করা চুক্তিতে পানি পাওয়ার নিশ্চয়তা সংবলিত সুনির্দিষ্ট শর্ত বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করতে চায় বাংলাদেশ।
0 মন্তব্য