আগামী ৪ থেকে ৬ আগস্ট ইতালির রাজধানী রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে বলে সোমবার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দক্ষিণ লেবাননের দুটি ‘পাইলট জোন’ থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রস্তুতির মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে।
এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফার আলোচনার ঘোষণা দেন। পরে পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন ওই কর্মকর্তা জানান, রোমে কারিগরি পর্যায়ের বৈঠকে বিদ্যমান কাঠামোগত চুক্তির পূর্ণ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে—পাইলট জোন কর্মসূচি সম্প্রসারণ, সীমান্তসংক্রান্ত বাকি সব বিরোধের সমাধান এবং একটি সার্বিক শান্তি ও নিরাপত্তা চুক্তি নিয়ে কাজ এগিয়ে নেওয়া।
ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ২ মার্চ যুদ্ধ শুরুর পর এই কাঠামোগত চুক্তির উদ্ভব হয়। বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে হওয়া ওই চুক্তিতে লেবাননে যুদ্ধের অবসান, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং দুটি ‘পাইলট জোন’ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে।
মার্কিন কর্মকর্তা বলেন, প্রাথমিক পাইলট জোনগুলোর অভিজ্ঞতা ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও কার্যকরভাবে এবং ধাপে ধাপে সম্প্রসারণে সহায়তা করবে।
এদিকে, রোববার লেবাননের সেনাবাহিনী অভিযোগ করে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চলমান সামরিক অভিযান কাঠামোগত চুক্তি অনুযায়ী তাদের পূর্ণাঙ্গ মোতায়েনকে বাধাগ্রস্ত করছে।
যুদ্ধের তীব্রতা কমলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিচ্ছিন্ন বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বৈরুত।
0 মন্তব্য