একটি আত্মঘাতী গোল ও অ্যালেক্স ফ্রিম্যানের গোলের সুবাদে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে তারা।
সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে কাফের চোটের কারণে খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিক । প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়া চোটের কারণে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয় স্বাগতিকদের।
তবে তার অনুপস্থিতিতেও দারুণ খেলেছে যুক্তরাষ্ট্র। ম্যাচের ১১তম মিনিটে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধের শেষ দিকে ভিএআর পর্যালোচনার মাধ্যমে অফসাইড সিদ্ধান্ত বাতিল হলে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স ফ্রিম্যান।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো বলেন, “ক্রিস্টিয়ান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আজ তার খেলা সম্ভব ছিল না। আশা করছি, পরের ম্যাচে সে ফিরতে পারবে।”
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে পচেত্তিনো মনে করেন, বিশ্বকাপ জিততে হলে পুরো দলকেই অবদান রাখতে হবে।
এদিকে মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি দলের গভীরতার প্রশংসা করে বলেন, শারীরিক লড়াই হোক বা বল দখলে রেখে খেলা—দুই ধরনের ফুটবলই খেলার সামর্থ্য রয়েছে যুক্তরাষ্ট্রের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার তুরস্কের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।
0 মন্তব্য