ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের নিরাপদে ফুটবল খেলা ও সময় কাটানোর সুযোগ করে দিতে দুটি নতুন ‘ফিফা অ্যারেনা’ চালু করেছে ফিফা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় তৈরি মাঠ দুটি স্থানীয় শিশুদের খেলাধুলার নতুন জায়গা হয়ে উঠবে।
মাঠ দুটি তৈরি হয়েছে পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে মারাহ রাবাহ এবং উত্তরাঞ্চলের কুসিনে। ফিফা ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এতে আর্থিক সহায়তা দিয়েছে সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স।
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চলাচলে বিধিনিষেধ ও নানা প্রতিবন্ধকতার কারণে শিক্ষা, খেলাধুলা ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে অনেক শিশুর জন্য। এমন পরিস্থিতিতে মাঠ দুটি শিশুদের নিয়মিত ফুটবল খেলা, শরীরচর্চার সুযোগ করে দেবে।
নতুন মাঠ দুটি উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্থানীয় ১৪টি দল, যেখানে খেলবে প্রায় ১৬০ শিশু। গ্রুপ পর্বের পর হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। পাশাপাশি শিশু ও স্থানীয় বাসিন্দাদের জন্য থাকছে আরও কিছু ফুটবলভিত্তিক কার্যক্রম।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, মাঠগুলোর প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রতিদিনের ব্যবহারের ওপর। তিনি বলেন, ‘যেসব সম্প্রদায়ের শিশুদের জীবন বিধিনিষেধ ও অনিশ্চয়তায় ব্যাহত হয়, তাদের জন্য খেলার, বন্ধুদের সঙ্গে দেখা করার জায়গা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে কিডস কাপ। তবে মাঠ দুটি শুধু আনুষ্ঠানিক আয়োজনের জন্য নয়, দীর্ঘ মেয়াদে স্থানীয় শিশু ও কমিউনিটির ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ফিফা অ্যারেনা কর্মসূচির আওতায় মাঠের পাশাপাশি স্থানীয়দের ফুটবল সরঞ্জামও দেওয়া হচ্ছে, যাতে প্রতিযোগিতা শেষ হওয়ার পরও নিয়মিত অনুশীলন ও খেলাধুলা চালিয়ে যাওয়া যায়।
0 মন্তব্য