প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষমতায় আসার পর সরকার ধাপে ধাপে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ সেটিও বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং দলটি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি নেতাকর্মী ও জনগণকে ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পরপরই কৃষকদের উন্নয়নে কাজ শুরু করা হয়েছে। তিনি জানান, ক্ষমতায় যাওয়ার ১০ দিনের মধ্যেই ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক কৃষক ঋণমুক্ত হয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং কুমিল্লা থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ কৃষিপণ্য সরবরাহ করা হয়। কুমিল্লাবাসীর কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, খুব শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
বিগত ১৭ বছরে “ফ্যাসিস্ট সরকার” দেশের মানুষের ওপর নির্যাতন, গুম, খুন ও অর্থপাচার চালিয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।
তিনি বলেন, জনগণই বিএনপির আসল শক্তি। দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন-এর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
0 মন্তব্য