দেশে পুলিশ বাহিনীতে পুনরায় শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সচিবালয়ে সিলেট অঞ্চলে পাথর আহরণ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা সরকারের নেই। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে পুনরায় কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আস্থা তৈরি হয়েছে।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, পুলিশ বাহিনীকে আবারও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। জনগণের মনেও সেই আস্থা তৈরি হয়েছে। সে কারণে ধাপে ধাপে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তবে কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও যৌথভাবে আবার কোথাও এককভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন।
সরকারের চলমান পদক্ষেপের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। পরিস্থিতির আরও উন্নতি হলে পুলিশ বাহিনীই পূর্ণাঙ্গভাবে মাঠপর্যায়ের দায়িত্ব পালন করবে।
0 Comments