নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি ঘিরে অবশেষে মুখ খুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি বগুড়ার একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা বলেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রাশেদ খাঁনের করা দাবি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেও আলেমদের বিরুদ্ধে কৃত্রিম অডিও তৈরি করে অপপ্রচার চালানো হয়েছিল।
আমির হামজা জানান, আওয়ামী লীগ সরকারের সময় রিমান্ডে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাঁকে একটি অডিও শোনান। ওই অডিওতে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যাওয়া ব্যক্তির কণ্ঠ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বলে দাবি করা হয়েছিল। আমির হামজার ভাষ্য, সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছিল।
তিনি আরও বলেন, এখন আবার আলেমদের বিরুদ্ধে একই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা আলেমদের সম্মানহানির চেষ্টা করছেন, বগুড়ার মাটিতে দাঁড়িয়ে তিনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চেয়েছেন।
বক্তব্যে আমির হামজা দাবি করেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে একসময় বহু পৃষ্ঠার অভিযোগ তৈরি করা হয়েছিল, যার সঙ্গে বাস্তবতার মিল ছিল না। আলেমদের সত্য কথা বলা থেকে বিরত রাখতেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে ভারত জড়িত বলেও দাবি করেন আমির হামজা।
এর আগে গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার দাবি করেন।
ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও তাঁর হাতে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কথোপকথনের কিছু অংশ প্রকাশ করেন এবং অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।
ফাঁস হয়েছে বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথাও বলেন ওই ব্যক্তি। তবে অডিওতে শোনা কণ্ঠটি কার, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
0 মন্তব্য