বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। একই সঙ্গে টেস্টে মোট রানের হিসাবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছেন তিনি।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে এই কীর্তি গড়েন মুশফিক। ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৯ রান। পঞ্চম দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে মিড অনে ঠেলে দিয়ে এক রান নেওয়ার মধ্য দিয়ে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
এর আগে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি মুশফিক। সিলেট টেস্টে দলে ফিরলেও প্রথম ইনিংসে ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ৩৪ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই পূর্ণ করেন ৭ হাজার রানের মাইলফলক।
২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক ম্যাচের দুই ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ১৯ ও ৩ রান। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের অন্যতম সফল টেস্ট ব্যাটারে পরিণত হয়েছেন তিনি।
এ পর্যন্ত ১০৭টি টেস্টের ১৯৭ ইনিংসে মুশফিকের সংগ্রহ ৭ হাজারের বেশি রান। তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি অর্ধশতক। টেস্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২১৯ রান।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক। তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৫৯তম ব্যাটার মুশফিক। এই পথে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে। ৫২ টেস্টে ব্র্যাডম্যানের সংগ্রহ ছিল ৬ হাজার ৯৯৬ রান। অন্যদিকে, মুশফিকের ঠিক ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস, যাঁর টেস্ট রান ৭ হাজার ৩৭।
বাংলাদেশের ক্রিকেটে একের পর এক ইতিহাস গড়া মুশফিকুর রহিমের জন্য ৭ হাজার রানের এই অর্জন নিঃসন্দেহে ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক।
0 মন্তব্য