ফেরমিন লোপেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। রোববারের এই জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালান ক্লাবটি।
শনিবার ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারানো দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন তিন পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ শীর্ষ দলটির চেয়ে আরও দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।
মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। স্বাগতিকদের এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। বিরতির কিছুক্ষণ আগে বার্সেলোনাকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার লোপেজ। তাতেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচে নিজেদের সেরা ছন্দে না থাকলেও গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় তারা।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল এবং কোপা দেল রের লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়েছিল অ্যাতলেটিকো। এবার সেই হারের কিছুটা প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাল কাতালানরা।
ম্যাচ শেষে মুভিস্টারকে লোপেজ বলেন, ‘গত মৌসুমে তারা আমাদের হারিয়েছিল। তাই আমরা জানতাম, তারা কী ধরনের খেলা উপহার দেবে। ম্যাচটি যে খুব কঠিন হবে, সেটাও জানা ছিল। প্রথমার্ধে তাদের গোলে আমরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম। তবে আমার মনে হয়, আমরা জানতাম কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ খেলেছি।’
সাম্প্রতিক সময়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সমালোচনার মুখে পড়েছিল বার্সেলোনা। তবে বড় ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে হান্সি ফ্লিকের দল।
ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের ম্যাচ জেতার মতো মান আমাদের আছে। আমি পুরোপুরি দলের ওপর বিশ্বাস রাখি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আজ আমরা দারুণ খেলেছি। এখানে এসে জয় পাওয়া সহজ নয়।’
অন্যদিকে, হারের পরও নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে।
তিনি বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি। এখান থেকে আমি এটা জেনেই ফিরছি যে, আমাদের দল এখনো গড়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছে। উন্নতির আরও জায়গা আছে। আমাদের কয়েকজন খেলোয়াড়ের আরও বেড়ে ওঠা প্রয়োজন।’
ঘুরে দাঁড়িয়ে বার্সার জয়
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথম দিকেই দুই দল একটি করে শট পোস্টে লাগায়।
গ্রীষ্মকালীন দলবদলে অ্যাতলেটিকো ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা করেও সফল না হওয়া হুলিয়ান আলভারেজ গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে কাটিয়ে এগিয়ে গেলেও গোল করতে পারেননি। রক্ষণভাগের খেলোয়াড়রা তাঁর পথ আটকে দেন।
এরপর কর্নার থেকে পাওয়া বলে অ্যাতলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিলের হেড ক্রসবারে লাগে। গোলরক্ষক গার্সিয়া তখন বলের নাগালের বাইরে ছিলেন।
অন্য প্রান্তে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের পাস থেকে পাওয়া বলে পেদ্রির শটও পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের ১০ মিনিটে বার্সেলোনার রক্ষণভাগ ভেঙে এগিয়ে যায় অ্যাতলেটিকো। আলভারেজের ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান জুলিয়ানো সিমিওনে।
দ্বিতীয় গোলের খোঁজে আরও আক্রমণ চালায় স্বাগতিকরা। আলভারেজের একটি প্রচেষ্টাও ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক গার্সিয়া। অন্যদিকে, নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে ভুগছিল বার্সেলোনা।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সমতায় ফেরে অতিথিরা। বক্সে ঢোকার পথে লোপেজ বাধা পেলেও বলটি ফিরে আসে তাঁর কাছেই। সুযোগ পেয়ে দ্রুত শট নেন তিনি, যা ঠেকাতে পারেননি অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন আলভারেজ। গোলরক্ষকের দিকে এগিয়ে গিয়ে নেওয়া তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
আলভারেজের প্রশংসা করে দিয়েগো সিমিওনে বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। আমরা তাকে ভালোবাসি। আমাদের হুলিয়ান আলভারেজের সেরা সংস্করণটি প্রয়োজন। তাকে ছাড়া আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারব না।’
তবে আলভারেজের ওই সুযোগ নষ্টের পরই এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের বুদ্ধিদীপ্ত পাস অ্যাতলেটিকোর রক্ষণভাগ ভেদ করে পৌঁছে যায় লোপেজের কাছে। ঠান্ডা মাথায় ওবলাককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল।
ম্যাচের শেষ দিকে অ্যাতলেটিকোর আক্রমণ ভালোভাবেই সামাল দেয় বার্সেলোনা। ফলে আন্তর্জাতিক বিরতির আগে রাজধানী মাদ্রিদ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরে ফ্লিকের দল।
অ্যাতলেটিকোর অধিনায়ক কোকে বলেন, এই হার নিয়ে দল খুব বেশি হতাশ হবে না। ৫ সেপ্টেম্বরের পর লা লিগায় এটি তাদের প্রথম হার।
তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রথমার্ধে দল দারুণ খেলেছে। ম্যাচ শেষ করে দেওয়ার মতো সুযোগ আমাদের ছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি।’
এদিকে, দিনের অন্য ম্যাচে চতুর্থ স্থানে থাকা রিয়াল বেতিস এলচেকে ২-০ গোলে হারিয়েছে। পঞ্চম স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে জয় পেয়েছে রায়ো ভায়েকানোর বিপক্ষে।
এ ছাড়া ভিয়ারিয়াল ২-০ গোলে গেতাফেকে হারিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে। সেল্তা ভিগো ও লেভান্তের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
0 মন্তব্য