সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে না বাংলাদেশ। দলের অন্যতম বড় তারকা হামজা চৌধুরীকে ছাড়াই প্রথম ম্যাচ খেলতে হয়েছে কোচ থমাস ডুলিকে। তবে দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন হামজা ও ফারহান আলী।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
তিনি জানান, ফিফা উইন্ডোসহ বিভিন্ন কারণে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে না পারা দুই ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন। সেদিনই তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রথম ম্যাচে ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা না পাওয়া শেখ মোরসালিন পরের ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী। হামজা ও ফারহান দলে যোগ দিলে দলের শক্তি ও মনোবল আরও বাড়বে বলে মনে করেন এই মিডফিল্ডার।
মোরসালিন বলেন, ‘আমরা অবশ্যই এ নিয়ে খুবই আশাবাদী। হামজা ভাই ও ফারহান আসলে দলের যে স্পিরিট ছিল, আশা করছি সেটি আরও বাড়বে, ইনশাআল্লাহ।’
অন্যদিকে, প্রথম ম্যাচের সেরা একাদশে থাকলেও ওয়ার্মআপের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার শারীরিক অবস্থা সম্পর্কে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তপু।
আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ প্রয়োজন মনে করলে তপুকে খেলানো হতে পারে বলেও জানান তিনি। হামজা ও ফারহানের যোগদান এবং তপুর সুস্থ হয়ে ওঠার মধ্য দিয়ে পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামার আশা করছে বাংলাদেশ।
0 মন্তব্য