স্বাস্থ্যসেবা কোনো দয়া বা সুযোগ নয়—এটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে এখনও অসংখ্য মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়া কঠিন এক বাস্তবতা। এই বৈষম্য দূর করতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা স্বাস্থ্যখাতে সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে। এতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরুৎসাহ তৈরি হচ্ছে এবং সেবার বণ্টনেও দেখা যাচ্ছে অসামঞ্জস্য।
তিনি উল্লেখ করেন, দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজস্ব অর্থে বহন করতে হয়, যার ফলে অসুস্থতা অনেক ক্ষেত্রে দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়।
ঢাকা-১৭ এলাকার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, কড়াইল, ভাষানটেক ও সাততলার মতো এলাকার বাসিন্দারা শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসব এলাকার প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীল। অনেকের জন্য অসুস্থ হওয়া মানেই আয় বন্ধ হয়ে যাওয়া।
নতুন উদ্যোগের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, সব বয়সী মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পায়, বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েরা দ্রুত জটিল চিকিৎসা সুবিধা পান—সেটিই নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। জরুরি সময়ে অ্যাম্বুলেন্স সেবাও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়দের সচেতন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকেই জানেন না যে কাছেই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে। এই তথ্য পৌঁছে দিতে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে ৫০ শয্যার আইসিইউ ইউনিট ছাড়াও প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করা হয়। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
0 মন্তব্য