হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এপিপি আবুল কালাম (৫০), নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭), পইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান (৬২) এবং পইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনাম মিয়া (৪৮)।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে হবিগঞ্জ শহরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে এনাম মিয়া, আব্দুল মান্নান, ছন্দু মিয়া, আমিনুল ইসলাম ও সোহেল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম ও রফিক মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা থাকায় তাঁদের ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
0 মন্তব্য