গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নদীতে দুটি নৌকার ভয়াবহ সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম ইকুয়েডর প্রদেশের লুকোলেলা অঞ্চলের নগোম্বে শহরের কাছে কঙ্গো নদীতে শনিবার (৩ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে এবং এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন ম্পুটু।
রয়টার্স জানিয়েছে, নৌকাটিতে ১৬৩ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত নদী থেকে ২২টি মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে এবং ৫৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেক ভুক্তভোগীকে স্বজনরা উদ্ধার করে অন্যত্র দাফন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রিসপিন ম্পুটু জানান, রাজধানী কিনশাসা ও মবান্দাকার মধ্যে চলাচলকারী একটি বাণিজ্যিক নৌকার সঙ্গে মঙ্গালা প্রদেশ থেকে কিনশাসা অভিমুখী একটি যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যাত্রীবাহী নৌকাটি নদীতে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটি নদীর প্রায় ১২ মিটার গভীরে নিমজ্জিত রয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
উল্লেখ্য, কঙ্গোর নদীতীরবর্তী অঞ্চলগুলোতে যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম নদীপথ। তবে নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রী বহন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে সেখানে প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।
0 মন্তব্য