ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরুতেই চমক দেখাচ্ছেন অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।
এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন ডিএমকে, বিজেপি-সমর্থিত জোট (এআইএডিএমকে) এবং বিজয়ের দল টিভিকে মুখোমুখি লড়াই করছে।
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, পেরাম্বুর আসনে এগিয়ে রয়েছেন বিজয়। তবে তিরুচিরাপল্লী ইস্ট আসনে তিনি এখনও পিছিয়ে আছেন। বিভিন্ন কেন্দ্রে টিভিকে চমক দেখিয়ে এআইএডিএমকে-কে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। যদিও সামগ্রিকভাবে এখন পর্যন্ত ডিএমকে অনেক আসনে এগিয়ে রয়েছে।
তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ প্রেক্ষাপটে বিজয়ের উত্থানে নতুন করে আলোচনায় এসেছে ‘এমজিআর ফ্যাক্টর’। তিনি এই অবস্থান ধরে রাখতে পারলে এম জি রামাচন্দ্র এবং জে জয়ললিতা-এর পর তৃতীয় প্রভাবশালী অভিনেতা-রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হতে পারেন।
ভোট গণনা সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয় এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশন-এর প্ল্যাটফর্মে নিয়মিত ফলাফল আপডেট করা হচ্ছে।
তবে এই ফলাফলগুলো এখনও প্রাথমিক ট্রেন্ডের ওপর ভিত্তি করে। আগামী কয়েক ঘণ্টায় চূড়ান্ত ফলাফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
0 Comments