পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ—এমন ঘোষণা এখনই দিচ্ছেন না। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি বলেন,ফুটবলকে বিদায় জানাবেন নিজের সিদ্ধান্তেই।
৪১ বছর বয়সী রোনালদো ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নন পর্তুগালের মহাতারকা ।
স্পেনের ম্যাচের আগে জানতে চাওয়া হয় তিনি বলেন, আমি যখন চাইব, তখনই ক্যারিয়ার শেষ করব। আপনারা সব সময় একই প্রশ্ন করেন—এটাই কি শেষ বিশ্বকাপ? দেখা যাবে। এখন এসব নিয়ে আলোচনার সময় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের ম্যাচে ভালো খেলা।”
তিনি আরও বলেন, “আগামীকাল যা-ই হোক, আমি একেবারে পরিষ্কার বিবেক নিয়েই মাঠ ছাড়ব। ফুটবলকে আমি যা দেওয়ার ছিল, সবই দিয়েছি। এটি আমার পেশার চেয়ে বেশি, আমার ভালোবাসা। আমি প্রয়োজনের জন্য খেলিনি, খেলেছি আবেগ আর ভালোবাসা থেকে। জাতীয় দলের হয়ে খেলতে পারা আমার জন্য গর্বের।”
বিশ্বকাপ জয়ের চাপ নিজের ওপর নিতে চান না বলেও জানান রোনালদো।
“বিশ্বকাপের মতো বড় আসরের প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে। আমার মনে হয়, আমি খুব একটা খারাপ খেলছি না। তিনটি গোল করেছি। কেউ হয়তো আরও ভালো করেছে, তবে আমি আমার পারফরম্যান্সে সন্তুষ্ট।”
রোনালদো জানান, আগের পাঁচটি বিশ্বকাপের তুলনায় এবারের আসর তিনি সবচেয়ে বেশি উপভোগ করছেন। একই সঙ্গে স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকৃতি দিলেও নিজের দলের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
“আমরা যদি বিশ্বাসই না করতাম, তাহলে এখানে আসতাম না। প্রতিটি ম্যাচে আমরা আরও উন্নতি করছি। স্পেন দুর্দান্ত দল, তারা ফেভারিট। তাদের শিরোপাও বেশি। তবে এটি ভিন্ন প্রতিযোগিতা। আমি মনে করি, ছোট ছোট মুহূর্তই ম্যাচের ভাগ্য গড়ে দেবে। আমার বিশ্বাস, আমরা জিতব।”
স্পেনের বিপক্ষে মাঠে নামলে পর্তুগালের জার্সিতে এটি হবে রোনালদোর ২৩৩তম ম্যাচ। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ নয় বছর খেলার সুবাদে স্পেনের সঙ্গে তার সম্পর্ক বিশেষ। তবে দেশটির বিপক্ষে এখন পর্যন্ত তার গোল মাত্র চারটি, যার মধ্যে ২০১৮ বিশ্বকাপে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে করা স্মরণীয় হ্যাটট্রিকও রয়েছে।
শেষে রোনালদো বলেন, “এটি যদি আমার শেষ বিশ্বকাপও হয়, তাহলে আমি সেটি উপভোগ করতে চাই। তবে আমি চাই, এই টুর্নামেন্টে আরও অনেক দূর যেতে।”
0 মন্তব্য