দেশের নতুন রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশ করা হবে। এরপর নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে এবং পরদিন শুক্রবার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোট হলে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
0 মন্তব্য